রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৪-২৪ ০৪:৩৩:২১


আ’লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই মহুর্তে যদি মজুদদারির কোন খবর পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে। কারণ করোনা মহামারি আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। অনেক উন্নত দেশেও এখন খাদ্যের জন্য হাহাকার চলছে। কিন্তু তারপরও আওয়ামী লীগ সরকার দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে।

রোববার (২৪ এপ্রিল) সকালে দেশের বিভিন্ন স্থানে ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনকালে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, যারা হোল্ডিং করবে বা যারা মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অনেক ইউরোপিয়ান দেশে ৭, ৮, ৯ পার্সেন্ট ইনফ্লেশন রেট। তারপরও আমরা কিন্তু আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে।

তিনি আরও বলেন, এই যুদ্ধের কারণে বিদেশ থেকে যে সমস্ত জিনিস আমরা আমদানি করি- সেগুলো আনা খুব কষ্টকর হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। অনেক দেশ তাদের উৎপাদিত পণ্য আর রপ্তানি করছে না বা তারাও বিপদে আছে। সেক্ষেত্রে আমাদের দেশে আমাদের যে মাটি, মানুষ আছে সেটাই ব্যবহার করে নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। তাই এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। যেখানে যার যতটুকু আছে তা আবাদ করবেন। নিজের প্রয়োজনীয় জিনিস নিজেরা উৎপাদন করে নিজেদের ব্যবহার করার ব্যবস্থা নিতে হবে।


ডেসিস/জকে/ ২৪ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code