বিশ্বনাথে পলাতক থাকা যুবদল নেতা গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে পূর্ববিরোধের জেরে প্রতিবেশীদের উপর হামলার মামলায় পলাতক থাকা যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টারদিকে নকিখালী এলাকা থেকে থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।
আনহার মিয়া এসময় নিজ বাড়ি থেকে সিলেট যাচ্ছিলেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের মৃত গয়াছ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্য যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানাগেছে।
গ্রেপ্তারের পর ওইদিন (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোওয়ানা জারির মামলার জিআর নং ১০৫/২৩ইং।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, ২০২৩ সালের ৩১ জুলাই বাদ-আছর সিলেটের সাগরদিঘীর পাড়ে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী আনহারের প্রতিবেশী সম্পর্কে চাচা মোহাম্মদ আবুল হোসেন মৌলভীরগাঁও জামে মসজিদে পৌঁছান। এরপর মাগরিবের আযান হলে ওই মসজিদেই তিনি তার চাচাতো ভাই প্রবাসী আব্দুর রব গৌছকে নিয়ে নামাজ আদায় করেন।
নামাজ শেষে মসজিদের পাশেই তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে বাড়ি যাবার পথে আনহার মিয়া পক্ষ আবুল হোসেনের উপর হামলা করেন। এতে আবুল হোসেন ও তার ভাতিজা জুনায়েদ আহমদ শাহীন গুরুতর আহত হন। ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও তাদের মোবাইল ফোনসেটও।
এঘটনার দুইদিন পর (২০২৩সালের) ৩আগষ্ট আহত আবুল হোসেনের বড়ভাই আব্দুল মনাফ ছোটভাইয়ের উপর হত্যার চেষ্টার অভিযোগ এনে আনহার মিয়াসহ আরও ৭জনকে এজাহারনামীয় আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন, (মামলা নং ৩)।
এদিকে মামলা তদন্তের পর সত্যতা পাওয়ায় তিনমাসের মাথায় (২০২৩ সালের) ৩১ অক্টোবর এজাহার নামীয় ৮আসামিকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন তদন্ত কর্মকর্তা থানার এসআই আব্দুস সালাম। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় দীর্ঘদিন যুবদল নেতা আনহার মিয়া পলাতক ছিলেন।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আনহার মিয়া নামের গ্রেপ্তারি পরোয়ানা জারির এক পলাতক আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেসিস/জেকে/০৫ নভেম্বর ২০২৫ইং

IT Factory Bangladesh