জামালগঞ্জে ভাবী হত্যার দায়ে সিলেট থেকে দেবর গ্রেপ্তার
সিলেটে ভাবী হত্যার অভিযোগে একরামুল হক নামের দেবরকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর একটি দল। রোববার (১৫ মে) ভোরে সিলেটের কানাইঘাটের খুলুরমাটি গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সুনামগঞ্জের জামালগঞ্জ থানার মৌলীনগরের ভাবী সুলেখা বেগম হত্যা মামলার একমাত্র আসামি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৯ মে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মৌলীনগর মৌজার একটি জমিতে পূর্ব বিরোধিতার জের ধরে আপন দেবরের হাতে ভাবী সুলেখা বেগম গুরুতর আহত হন। এরপর ১৩ মে শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত শনিবার (১৪ মে) একরামুলকে আসামি করে সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা তদন্তের ধারাবাহিকতায় আসামি একরামুল হোসেনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়াও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তারকৃত আসামিকে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হবেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডেসিস/জকে/ ১৫ মে ২০২২ইং

IT Factory Bangladesh