সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
সিলেটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু করা হয়েছে। বুধবার (১৫ জুন ) দুপুরে সিসিকের বর্ধিত এলাকা খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি একটি শিশুকে ভিটামিন এ খাইয়ে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এছাড়া সিলেট নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের বিনোদিনী সিটি দাতব্য চিকিৎসা কেন্দ্রে শিশুদের ভিটামিন এ খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী।
সিলেট মহানগরের বর্ধিত এলাকা সহ সিসিকের ৩৯ টি ওয়ার্ডে ৮৩ হাজার ৯শ ৬৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩৪৮টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হয়।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেট সিটি কর্পোরেশনের ২২৩ টি ইপিআই টিকাদান কেন্দ্র, নিয়মিত কেন্দ্র ২০ টি, অস্থায়ী কেন্দ্র ৮২ টি এবং অতিরিক্ত আরও ২৩টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাম্পেইনে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। এই ক্যাম্পেইনে সিসিকের ৬৯৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩৯ জন সুপারভাইজার কাজ করছেন।
ডেসিস/জকে/ ১৫ জুন ২০২২ইং

IT Factory Bangladesh