রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-২১ ০৭:৪৬:০৭


সিলেটে ঝগড়া থামাতে গিয়ে চা শ্রমিক নিহত

সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে রতিরাম নায়েক (৪০) নামের এক চা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) রাতে শমশেরনগরের ডবলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

এসময় দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দায়ের কুপে পার্শ্ববর্তী বাড়ির চা শ্রমিক রতিরাম নায়েক নিহত হন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ ভাইকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানাগেছে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানের দর্গানা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের মধ্যে পারিবারিক বিরোধে ঝগড়া বাধে।

এসময় তাদের ঝগড়া থামাতে গেলে দর্গানার হাতে থাকা দা দিয়ে পার্শ্ববর্তী বাড়ির রতিরাম নায়েকের মাথা ও মুখের উপর উপুর্যপুরি কুপাতে থাকলে ঘটনাস্থলেই রতিরাম নায়েক মারা যান। খবর পেয়ে রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় রতিরাম নায়েকের ভাই রাজু নায়েক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।


ডেসিস/জকে/ ২১ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code