সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে গেলে তারা দু’জন নিহত হন। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাপাড় গ্রামের রুবেল আহমদ (৩৫) ও তার এক মাস বয়সী শিশু কন্যা রাহি আক্তার আদরী। এ ঘটনায় রুবেল আহমদের স্ত্রী কাজল আক্তার, কাজলের ভাই নরসিংদী সদর উপজেরার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ এবং তার স্ত্রী আনিকা আক্তার আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে আসা ওই প্রাইভেটকারটি জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি ব্র্রিজের ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়।
সাথে সাথে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাহিকে মৃত ঘোষণা করেন।
পরে আহত ব্যক্তিদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রুবেল মিয়াও মারা যান। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেসিস/জকে/ ০৫ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh