রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৮-২২ ০৭:৪৪:২৭


ডিসি অফিসের দরজা-জানালা খোলা রাখতে হবে : হাইকোর্ট

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামকে সতর্ক করে হাইকোর্ট বলেছেন, এখন থেকে ডিসি অফিসের দরজা জানালা খোলা রাখবেন। যেন জনগণ আপনাদের চেহারা দেখতে পায়। আপনার দরজা-জানালায় ভারী পর্দা ব্যবহার করবেন না।

সোমবার (২২ আগস্ট) আদালত অবমাননার মামলায় বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাঁকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, ডিসি হলো সরকারের হার্ট। আপনাকে জনগণের জন্য সেভাবে কাজ করতে হবে।

ডিসি অফিসে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই উল্লেখ করে হাইকোর্ট বলেন, আমাদের অভিজ্ঞতা বলছে, আপনারা কী ধরনের জীবন-যাপনে অভ্যস্ত? চাকচিক্যময় জীবন-যাপন করেন। কীভাবে ক্ষমতার প্রয়োগ করে থাকেন, সেটাও জানি।

ডিসি অফিসে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। আপনারা একটা দরখাস্ত পর্যন্ত রিসিভ করেন না। এখন থেকে কোনো ধরনের উন্মাসিকতা দেখাবেন না।

নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করলে দেশ ও জনগণ উপকৃত হবে। আদালত প্রশ্ন রেখে বলেন, কোথাও চুরি ডাকাতি হচ্ছে, সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, অভিযোগ না পেলে কি আপনি বসে থাকবেন। বসে থাকার সুযোগ নাই।

ডিসিকে সতর্ক করে আদালত আরও বলেন, দুঃখজনক হলেও সত্য ডিসি অফিসে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেননা। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ পান না। আপনাদের অফিসের দরজা জানালা মোটা পর্দায় আবৃত থাকে।

যার কারণে মানুষ আপনাদের ছবি পর্যন্ত দেখতে পায় না। আদালতে ডিসি ও এসপির পক্ষে আইনজীবী মুন্সী মনিরুজ্জামান ও ইউসুফ খান এবং এমডির পক্ষে সৈয়দ মিনহাজুল হক ও ব্যবসায়ী শফিকুলের পক্ষে রাগীব রউফ চৌধুরী শুনানি করেন।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়ার ডিসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি ও নিলামকৃত সম্পত্তি গ্রহণকারী ব্যবসায়ীকে ২৪ অক্টোবর শুনানির দিনে হাজির হতে বলা হয়েছে।

জানাগেছে, গত ১১ আগস্ট আদালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট। ২১ আগস্ট তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


ডেসিস/জকে/ ২২ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code