রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১১-১৯ ০৮:০৩:৪০


তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যারা নির্বাচন করবে তারা গণশত্রু : মির্জা ফখরুল

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার গত ১৪ বছর ধরে শোষণ করে দেশকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কারণেই দেশে দুর্ভিক্ষ আসছে।

আর ওই সরকার যা যা করছে তার বিচার হবে। শনিবার (১৯ নভেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে তাদের চিহ্নিত করা হবে। তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন।

তিনি বলেন, সাধারন মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক-শ্রমিক কিন্তু এখন শান্তিতে নেই। গতকালও চিনির দাম, তেলের দাম আরেক দফা বেড়েছে। এখন সবকিছুর দাম বেড়েছে।

মানুষ এখন খেতে পারে না। দেশের ৩ কোটি মানুষ বেকার, অথচ আওয়ামী লীগ সরকার প্রধান বলেছিলেন দেশের মানুষদের ১০টাকা দরে চাল খাওয়ানো হবে।

এর আগে একই মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।

বক্তব্যে তিনি বলেন, সরকার বিএনপির সমাবেশ দেখে ভয় পাচ্ছে। তারা বিএনপির এক হাজার নেতাকর্মীকে গুম করেছে। আর যারা বিএনপির দেশব্যাপী এই সমাবেশকে কেন্দ্র করে দেশে অশান্তি সৃষ্টি করেছে তাদের চিনে রাখতে হবে।

দ্রব্যমূল্যের উর্ধগতি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ওই গণসমাবেশ সকাল ১১টায় শুরু হয়।


ডেসিস/জেকে/ ১৯ নভেম্বর ২০২২ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code