বিশ্বনাথে ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু, জরিমানা!
সিলেটের বিশ্বনাথে ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় আতিকুল ইসলাম (৩০) নামের এক হতদরিদ্র কৃষকের লাখ টাকার গাভীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এজন্য ভুযা পশু ডাক্তারকে জরিমানাও করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে পৌর শহরের রজকপুরস্থ আতিকুলের নিজ বাড়িতে তার দুধওয়ালা একমাত্র গাভিটি মারা যায়।
গাভীর মালিক আতিকুল বিশ্বনাথ পৌর সভার রজকপুর (বড়বাড়ি) গ্রামের আতাহার আলীর ছেলে। আর বিশ্বনাথের গাঁওয়ে ভাড়ায় বসবাসকারী এম.এম মনিরুজ্জামান (৩৫) নামের ভুয়া পশু ডাক্তার টাঙ্গাইল জেলার মদন থানাধানীন ধুলের চর গ্রামের মো: বদিউজ্জামানের ছেলে।
এঘটনায় ওইদিন (সোমবার) বিকেলে এম.এম মনিরুজ্জামান (৩৫) নামের এক হাড়–ড়ে পশু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। আর ওই পশু চিকিৎসককে ভুয়া আখ্যা দিয়েছেন উপজেলা প্রানীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শামীমা সুলতানা।
ডা. শামীমা সুলতানা বলেন, দীর্ঘদিন থেকে বিশ্বনাথ পশু হাসপাতালের চিকিৎসক পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ওই মনিরুজ্জমান। তিনি আসলে ভুয়া ডাক্তার, যে কারণে চিকিৎসার কোন কাগজপত্র দেখাতে পারেননি।
গাভীর মালিক আতিকুল ইসলাম বলেন, গত ৭ নভেম্বর তার লাখ টাকা মূল্যের একমাত্র গাভীটি অসুস্থ হলে তিনি মনিরুজ্জামানকে দিয়ে চিকিৎসা করান। অসুখ না সারায় ১৫ নভেম্বর আবারও তার বাড়িতে গিয়ে গাভীটিকে চিকিৎসা দেন।
পরে তার গাভীটি আরও অসুস্থ হয়ে পড়লে সর্বশেষ গত রোববার (২০ নভেম্বর) রাতে ওই চিকিৎসক মনিরুজ্জামানকে খবর দেন। কিন্তু সোমবার গাভীটি মারা যাবার পর মনিরুজ্জামান আতিকুলের বাড়িতে গেলে আতিকুল তাকে আটকিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি জানান। তারপর ইউএনও এবং প্রাণী সম্পদ অফিসারসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া চিকিৎসককে ৩০হাজার টাকা জরিমানা করেছি।
ভবিষ্যতে এরকম করা হলে ওই ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমেই দন্ড প্রদান করা হবে বলেও জানান তিনি।
ডেসিস/জেকে/২২ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh