আচরণ বিধি লঙ্ঘণ, সিলেটে আ’লীগ ও জাপার মেয়র প্রার্থীকে ইসির নোটিশ!
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে।
তাদের একজন হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আর অন্যজন হচ্ছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।
তাদের দু’জনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এরই মধ্যে নোটিশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদির স্বাক্ষরিত চিঠিতে এই দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নেটিশে দুই প্রার্থীকে বলা হয়েছে, কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোন প্রকার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন না। সিলেটে ২ জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা।
কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আচরণ বিধিমালা ৩২ বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না তা আগামী তিন কার্য দিবসের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অপিসার ফয়সল কাদের বলেন, দুই মেয়র প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। তাদের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলও জানান তিনি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটিতে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাইয়ের কাজও শেষ হয়েছে।
১ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আর ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
ডেসিস/জেকে/৩০ মে, ২০২৩ইং

IT Factory Bangladesh