বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১০-২১ ০৬:৩৫:১৭


শমসের মবিন ‘নীতিহীন ও পথভ্রষ্ট’ : সংবাদ সম্মেলনে ফয়সল চৌধুরী

ছবি ফয়সল চৌধুরীর সংবাদ সম্মেলন

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক টক-শোতে বিগত সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছাড়ানোর অভিযোগ উঠে ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে।

এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে শমসের মবিন চৌধুরীকে ‘বিশ্বাসঘাতক, নীতিহীন ও পথভ্রষ্ট’ বলেছেন ফয়সল আহমদ চৌধুরী।

শনিবার (২১ অক্টোবর) ২টায় সিলেট মহানগরের মিরবক্সটুলার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফয়সল চৌধুরী তার লিখিত বক্তব্যে বলেন- ‘সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ‘এডিটর গিল্ডস’ নামের একটি সংগঠন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তেমনি এক ব্যক্তি সমশের মবিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী তথা আমার ও স্থানীয় বিএনপি সম্পর্কে নানা বিভভ্রান্তিকর মন্তব্য করেন।

তিনি (শমসের মবিন) তার বক্তব্যে চরম মিথ্যাচারের আশ্রয় নিয়ে আমার সাথে ফোনালাপের একটি বিষয়ের অবতারণা করেন। আমি এমন মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। তিনি নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে দাবি করেন।

অবশ্য তিনি রাজনীতিবিদ, তবে দলছুট, নীতিহীন এবং পথভ্রষ্ট। এ ইস্যুতে শনিবার শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ফয়সল আহমদ চৌধুরী। শমসের মবিন চৌধুরীর বাড়ি গোলাপগঞ্জ উপজেলায় ও ফয়সল চৌধুরীর বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। সাবেক কূটনীতিক শমশের মবিন চৌধুরী এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

২০১৫ সালের ২৮ অক্টোবর তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। পরে ২০১৮ সালের অক্টোবরে তিনি বিকল্প ধারায় যোগ দেন। আর সম্প্রতি তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনে শমসের মবিন দলটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার নিয়ে গঠিত সিলেট-৬ আসন তার নিজের নির্বাচনী এলাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মুন্না।


ডেসিস /জেকে/ ২১ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code