বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-০২ ০৬:০৯:১৮


সিলেটে যুবদল নেতা দিলু নিহতের ঘটনায় মামলা

ছবি, দিলু

বিএনপির ডাকা অবরোধ চলাকালে সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা দিলু আহমেদ জিলু (৪০) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) রাতে নিহতের ভগ্নিপতি সোহেল আহমদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তবে, এই মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

জানাগেছে, বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে লালাবাজার এলাকায় অবরোধের সমর্থনে অবস্থান নেন যুবদল নেতাকর্মীরা। সেখানে যুবদল নেতা দিলুও উপস্থিতি ছিলেন।

তখন পুলিশ তাদের ধাওয়া করলে সবাই দৌঁড়ে পালাতে থাকেন। দিলু আহমদও সঙ্গে থাকা নিজের মোটরসাইকেলে স্থান ত্যাগ করতে রওনা দেন। এ সময় তার মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে দিলু গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ তাদের গাড়িতে করে দিলুকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ওইদিন বিকালে মারা যান দিলু।

দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে অবরোধের পাশাপাশি হরতালও পালন করে যুবদল।

তবে, দিলুর ভাই বুলু মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে দিলু ছিলো সবার ছোট। দিলু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলেও জানান তিনি।

ময়নাতদন্ত শেষে বুধবার দুপুনে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের পর জানাযা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম জানান, যুবদল নেতা দিলুর মৃত্যুও ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


ডেসিস/জকে/২ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code