হবিগঞ্জে মহিলা দলের সভাপতি সম্পাদকসহ তিন নেত্রী গ্রেপ্তার
বিএনপির ডাকা অবরোধে পিকেটিংকালে হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সম্পাদকসহ তিন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। গ্রেপ্তার তিন নেত্রীর মধ্যে রয়েছেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে দলীয় নেতাকর্মীরা সোমবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন। সেখান থেকে ৩ নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় পুলিশের ধাওয়ায় অন্য নেতাকর্মীরা পালিয়ে যান। এদিকে মহিলা দলের নেতৃদেও গ্রেপ্তার করায় নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম।
তিনি বলেন, মহিলা দলের নেত্রীরা বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিলেন। তাদে গ্রেপ্তার করে এ আন্দোলন ঠেকানো যাবে না।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি হওয়ায় ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেসিস/জেকে/১৩ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh