সিলেট শহরকে হকারমুক্ত রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে : আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের রাস্তাঘাট হকার্সমুক্ত রাখতে উদ্যোগ নিচ্ছেন তিনি।
আর এরই মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে তার আলোচনা চলছে। ফলে আগামী একমাসের মধ্যে সিলেটের রাস্তাঘাট হকার্সমুক্ত করতে পারবেন তিনি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে সিলেট মেট্টোপলিটন চেম্বারের কনফারেন্স হলে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মেট্টোপলিটন চেম্বারের উদ্যোগে ও চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। হকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবপক্ষের সাথে আলোচনা চলছে।
মেয়র বলেন, বিষয়টির সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে যানজটের কবলে পড়তে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী একমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত রাখতে যা যা করনীয় প্রয়োজনে তার সবকিছুই করা হবে।
সিলেট মেট্টোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মেট্টোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ এবং সিলেটের ব্যবসায়ী আরও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
ডেসিস/জেকে/ ১৬ জানুয়ারি ২০২৪ইং

IT Factory Bangladesh