প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন বাতিল করতে হবে : রব
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন দেশের সংবাদপত্রকে হাতকড়া পরানোর পাঁয়তারার অংশ। শুক্রবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন প্রত্যাহারের দাবি জানিয়ে রব বলেন, প্রস্তাবিত আইনে ৫৪টি ধারার মধ্যে ৩৭টি ধারাই সাংবাদিকবান্ধব নয়; বরং আদালতের নামে আইনি জটিলতায় সরকার স্বীয় স্বার্থের উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করবে।
তিনি বলেছেন, সমাজে সংবাদপত্রের অসীম প্রভাব অর্থাৎ জনমতকে সরকার তার নিজের পক্ষে রাখার অস্ত্র হিসেবে ব্যবহারের প্রচেষ্টায় গণমাধ্যমকর্মী আইন প্রণয়ন করতে চাচ্ছে। গণমাধ্যমকর্মীদের স্বার্থক্ষার নামে সরকার তাদের এক ভয়ংকর বিপদে জড়াচ্ছে, যা জনগণের অধিকার রক্ষার সংবাদ পরিবেশন থেকে সংবাদপত্রকে বিরত থাকতে বাধ্য করবে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত এই আইনে সংবাদপত্র বন্ধ ও অযাচিত হস্তক্ষেপ করার জন্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, যা অতীতের নিবর্তনমূলক 'বিশেষ ক্ষমতা আইনের নতুন সংস্করণ। এই আইন পাস হলে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটি গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বার্থের পরিপন্থি।
ডেসিস/জেকে/২৩ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh