রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৫-০৮ ০১:৩৮:১০


সেই টিটিই শফিকুলের শাস্তি প্রত্যাহার

বিনা টিকিটে রেল ভ্রমনকারীদের জরিমানাকারী শফিকুল ইসলাম নামের সেই ‘টিটিই’র বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (৮ মে) দুপুর ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়ে বিনা টিকিটে ৩ ট্রেন যাত্রীর সঙ্গে ‘অসদাচারণ’ এবং জরিমানা করার দায়ে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেলমন্ত্রীর আত্মীয়ের সঙ্গে এ ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে মোবাইল ফোনে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ জানানো হয়।

এরপর গত ৬ মে শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে গত ৫ মে রাতে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তিনযাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে বসেন। এসময় ট্রেনের কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন।

টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। এসিও’র পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই ৩ ট্রেনযাত্রীকে এসি টিকিটের পরিবর্তে ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ৩৫০ টাকা করে মোট ১০৫০ টাকায় জরিমানাসহ সুলভ শ্রেণীর নন এসি কোচে সাধারণ আসনের টিকিট বানিয়ে দেন।

সূত্র জানায়, ওই ৩ যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ না করলেও তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণ’ করার অভিযোগ করেন। আর সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

এব্যাপারে শফিকুল ইসলাম জানান, রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। তাই চাকরিতে আবারও যোগদানের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি।


ডেসিস/জকে/ ৮ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code