এবারের ঈদ যাত্রায় ৪০২ দুর্ঘটনা, নিহত ৪৪৩, আহত ৮৬৮
এবারের ঈদযাত্রায় (পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ) সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ৪০২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৪৩ জন নিহত ও আহত হয়েছেন ৮৬৮ জন|
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুধু সড়ক ও মহাসড়কেই ৩৭২টি দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৮৪৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, প্রতি বছর ঈদকেন্দ্রীক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি দেশবাসীকে এসব তথ্য জানাচ্ছেন তারা।
বিগত ২ বছর করোনা সংকটের কারণে গণপরিবহন বন্ধ-চালুর ফাঁকে প্রায় ১০ লাখ মোটরসাইকেল ও ২০ লাখ ইজিবাইক রাস্তায় নামে। ফলে এবারের ঈদযাত্রায় ২৫ লাখ মোটরসাইকেল, ৪০ লাখ ইজিবাইক বহরে থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার উল্লেখযোগ্য তৎপরতার কারণে ঈদ যাত্রা খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বরাবরের মতোই বেড়েছে।
গত ২৬ এপ্রিল (ঈদযাত্রার শুরুর দিন) থেকে ঈদ শেষে র্কমস্থলে ফেরা ১০মে পর্যন্ত বিগত ১৫ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। বিগত ২০২১ সালের ঈদুল ফিতরে যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ১৪.৫১ শতাংশ, নিহত ২২.৩৫ শতাংশ এবং আহত ২৬.৩০ শতাংশ বেড়েছে।
একই সময়ে রেলপথে ২৭টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নৌ-পথে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল।
এবারের ঈদে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৫ জন নিহত, ১১০ জন আহত হয়েছে। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৪.০৮ শতাংশ, নিহতের ৩৪.৮৫ শতাংশ এবং আহতের ১৩.০৩ শতাংশ প্রায়। এই সময় সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ২০৯ জন চালক, ২৪ জন পরিবহন শ্রমিক, ৮৮ জন পথচারী, ৬২ জন নারী, ৩৫ জন শিশু, ৩৩ জন শিক্ষার্থী, ২ জন সাংবাদিক, ৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ২ জন শিক্ষক, ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ জন বীর মুক্তিযোদ্ধা ও একজন চিকিৎসকের পরিচয় মিলেছে।
তাদের মধ্যে ২ জন বীর মুক্তিযোদ্ধা, ১পুলিশ সদস্য, ২ জন ডিজিএফআই সদস্য, ১জন সেনা সদস্য, ২ জন নৌবাহিনীর সদস্য, ৩৫ জন নারী, একজন চিকিৎসক, ২৫ জন শিশু, ২৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১২৫ জন চালক, ১২ জন পরিবহন শ্রমিক, ৬০ জন পথচারী এবং ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
ডেসিস/জকে/ ১২ মে ২০২২ইং

IT Factory Bangladesh