রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

মৌলভীবাজার



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-১৮ ০৭:৫০:৪০


গ্রাহকদের ২০ কোটি টাকা নিয়ে উধাও ভিডিএন চেয়ারম্যান সিলটে স্ত্রীসহ গ্রেপ্তার

ছবি, পলাতক আব্দুল হাকিম ও তার স্ত্রী

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাসহ বিভিন্ন উপজেলার গ্রাহকদের নিকট থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে ৬ বছর ধরে উধাও ভিলেজ ডেভলপমেন্ট নেটওয়ার্ক (ভিডিএন) নামক বেসরকারি সংস্থার চেয়ারম্যান আব্দুল হাকিম (৫০) ও তার স্ত্রী আছমা বেগম (৪৫)।

এবার তারা আর পুলিশকে ফাঁকি দিতে পারেননি। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছে স্বামী-স্ত্রী দু’জনকে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে বড়লেখা থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেট নগরের শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ‘ভিডিএন’র চেয়ারম্যান আব্দুল হাকিম বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিলেজ ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (ভিডিএন) নামক বেসরকারি সংস্থা ২০০৩ সাল থেকে ২০১৭ সালের প্রথম দিক পর্যন্ত বিভিন্ন প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত হিসেবে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেয়। সেই আমানতের মেয়াদ পূর্তিতে লভ্যাংশসহ গ্রাহকদের প্রায় ৫০ কোটি টাকারও বেশি পরিশোধের কথা প্রতিষ্ঠানটির।

কিন্তু গ্রাহকদের লাভ দেওয়াতো দুরের কথা, ২০১৭ সালের মাঝামাঝি সময় মুলধনসহ উধাও হয়ে যান প্রতিষ্ঠানের কর্ণধার চেয়ারম্যান আব্দুল হাকিম, এমডি আয়াজ আলীসহ শীর্ষ কর্মকর্তারা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ ছাপা হলে ভুক্তভোগীরা বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, ১২টি সাজাসহ মোট ১৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হাকিম ও তার স্ত্রীকে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হাকিম বড়লেখা থানার চেক জালিয়াতিসহ ১০টি মামলার সাজাসহ মোট ১৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার স্ত্রী আছমা বেগমের বিরুদ্ধে দুটি মামলার সাজা পরোয়ানা রয়েছে। আদালতের রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন বলেও জানান তিনি।


ডেসিস/জেকে/১৮ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code