ছাত্রদল নেতা হত্যা মামলার পলাতক আসামির সঙ্গে মেয়র আরিফের ছবি ভইরাল
সম্প্রতি সিলেটে ছাত্রদল নেতা রাজু ও হত্যা মামলার প্রধান ও পলাতক আসামি আব্দুর রকিব চৌধুরীর সঙ্গে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে দেখা গেছে। আর এই ছবি এরই মধ্যে দেশ ও বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা তাদের টাইমলাইনে রাখায় ভাইরাল হয়েছে। এতে তীব্র প্রতিক্রিয়াসহ নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।
নিহত ফয়জুল হক রাজু সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন। আর মামলায় পলাতক আব্দুর রকিব চৌধুরী সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মামলায় অভিযুক্ত হওয়ার পর লন্ডনে গিয়ে গ ঢাকা দেন রকিব।
গত ৮ মে সংক্ষিপ্ত সফরে লন্ডনে যান মেয়র আরিফ। সেখানে তিনি পারিবারিক ঘনিষ্টজনদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া লন্ডনের বাংলা গণমাধ্যমের অফিসেও তিনি গিয়ে সাক্ষাৎকার করেন। এসব জায়গায় যাওয়া-আসার সময় মেয়র আরিফের সঙ্গে গাড়িতে পলাতক রকিবকে দেখা গেছে।
এর আগে ২০১৮ সালের ১১ আগস্ট সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল শেষে মেয়র আরিফের বাসা থেকে ফেরার পথে খুন হন রাজু। এ ঘটনায় মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা যুবলীগ নেতা দবির আলী। ওই মামলায় রকিব ছাড়াও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ ২৩ জনকে আসামি করা হয়।
২০১৯ সালের ১২ মে ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় নেতা রকিব, দেলোয়ারসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মেয়র আরিফের ঘনিষ্টজন হিসেবে পরিচিত রকিবের নির্দেশে রাজুকে খুন করা হয় বলে অভিযোগপত্রে পুলিশ উল্লেখ করা হয়। এ মামলায় আসামিদের মধ্যে দেলোয়ারসহ ৩ জন কারাগারে রয়েছেন। তবে রকিবসহ বাকি ২৩ আসামি পলাতক রয়েছেন।
গত ১২ মে সিলেট জেলা ছাত্রদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ওলিউর রহমান চৌধুরী শাহজাহানের ফেসবুকে মেয়র আরিফের সঙ্গে পলাতক রকিবের একাধিক ছবি দেখা যায়। ছবিতে রকিবকেও ট্যাগ করা হয়। এতে শাহজাহান লিখেন, ‘সিলেট সিটি করপোরেশনের মাননীয় মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ’।
এ প্রসঙ্গে নিহত ছাত্রদল নেতা রাজুর চাচা ও যুবলীগ নেতা দবির আলী ক্ষোভ প্রকাশ করে রকিবকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। তিনি বলেন, সাংবাদিকদের লেখালেখির ফলে নির্মম হত্যা মামলার বিচার বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। একইসঙ্গে প্রধান আসামি রকিবকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
তবে, লন্ডনে থাকায় এ প্রসঙ্গে সিলেট সিটি মেয়র আরিফের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তথ্য সূত্র সমকাল
ডেসিস/জকে/ ১৪ মে ২০২২ইং

IT Factory Bangladesh