জ্বালানি তেলের দাম কমার আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর
আগামি দু-একদিনের মধ্যে কমতে পারে জ্বালানি তেলের দাম। সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ আশ্বাস দেন।
তবে, দাম কমার বিষয়ে তিনি বলেন, দাম কম বা বেশি সেটা নয়, দু’একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
তিনি বলেন, ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে গত রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
‘জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে আমাদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে, তেলের দাম হয়তো আমরা সমন্বয় করতে পারবো। তিনি বলেন, ‘তেলের বাজার এখন ১৫০ ডলারের (প্রতি ব্যারেল) উপরে চলে গেছে, যেটা আগে ১৩০ ডলার ছিল।
এই অবস্থায় আমরা দাম কতটুকু সমন্বয় করতে পারবো, কারণ এখানে ভর্তুকির বড় একটা অংশ আবার যোগ হবে। যখন ডিজেল ১১৪ টাকা ছিল তখন ডিজেলে ৮ টাকার উপরে ভর্তুকি ছিল, এখন হয়তো সেই জায়গাটা আরও বাড়বে।’
‘তারপরও এটা (শুল্ক) কমাতে (তেলের দাম) কতটুকু সমন্বয় হবে এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। হয়তো দু’একদিনের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছা যাবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রলে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।
ডেসিস/জকে/ ২৯ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh