বরিস জনসনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কনজারভেটিভ নেতা ও পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তিনি তার প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে প্রায় ২০ হাজার ভোটে হারিয়েছেন। ফলে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন ৪৭ বছরের লিজ ট্রাস।
তিনি (লিজ ট্রাস) ভোট পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি। আর তার প্রতিদ্বন্দ্বী ৪২ বছর বয়সী ঋষি সুনাক ভোট পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানির সঙ্গে দেখা করবেন লিজ ট্রাস। সেখানে তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন রানি। এই প্রাসাদে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ডাউনিং স্ট্রিটে লন্ডন সময় মঙ্গলবার বিকেলে বক্তৃতা দেবেন নতুন প্রধানমন্ত্রী। তার আগে ঘোষণা করবেন মন্ত্রিসভা।
প্রথা অনুযায়ী বাকিংহ্যাম প্যালেস থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়। তবে, বার্ধক্যজনিত কারণে এবার ভ্রমণের ঝক্কি নিতে চাচ্ছেন না রানি। তাই মঙ্গলবার সকালে উত্তরসূরিকে নিয়ে স্কটল্যান্ড ছুটবেন বরিস জনসন।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, তীব্র মন্দার আভাস, শ্রম অসন্তোষ, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং সম্ভাব্য জ্বালানির ঘাটতি, এসব মোকাবিলা করতে হবে নতুন ওই প্রধানমন্ত্রীকে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জ্বালানি দামের ধাক্কা থেকে নি¤œ আয়ের পরিবারগুলোকে বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে নতুন সরকারকে।
ডেসিস/জেকে/৫ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh