রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ময়মনসিংহ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-২০ ০৬:৫৪:১৪


চুয়াডাঙ্গায় জুতার ভেতরে মিলল ১ কোটি ৮লাখ টাকার স্বর্ণ

বিজিবিসহ স্বর্ণের বার

চুয়াডাঙ্গার দর্শনায় জুতার ভেতর থেকে ১ কোটি ৮লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে দর্শনা সীমান্তের বুইচেতলা নামক স্থান থেকে এসব বার উদ্ধার করা হয়।

স্বর্ণের বার বহনকারী ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও তার ফেলে যাওয়া জুতা উদ্ধার করেছে বিজিবি।

মোটরসাইকেল ও জুতা ফেলে পালিয়ে যাওয়া ব্যক্তি দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ানের ফুলবাড়ি গ্রামের আজমল হোসেনের ছেলে মিকাইল হোসেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিরি পরিচালক শাহ মো. ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দর্শনা ফুলবাড়ি বিওপির নায়েব সুবেদার দুলাল হকের নেতৃত্বে বিজিবির দুটি দল সীমান্তের ৮৪/১১৩-টি পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুইচেতলা নামক স্থানে অবস্থান নেয়।

এসময় মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি ফুলবাড়ি সীমান্তের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল আরোহী বিজিবির সদস্যদেও দেখে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে তার ফেলে যাওয়া জুতা ও মোটরসাইকেল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে জুতার ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় কালোটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

স্বর্ণের বারের আনুমানিক ওজন ১ কেজি ৫১৫ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা রুজ্জু করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা টেজারি অফিসে জমা রাখা হবে।



তথ্য সূত্র : সমকাল


ডেসিস/জেকে/২০ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code