নবীগঞ্জে বিয়ের গেট নিয়ে গোলাগুলি, আহত ২৫
হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের গেট বানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে উভয় পক্ষের ২৫জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধসহ ২০জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার বুরহানপুর এলাকার গেদা মিয়া চৌধুরীর ছেলে রাহিম চৌধুরীর বিয়ে। এ উপলক্ষে ওই গ্রামের সরকারি পাকা সড়কে গেট বানানো হয়।
গেটটি প্রতিবেশী জাকির হোসেনের বাড়ির সামনে স্থাপন করা হয়েছে দাবি করে তার ভাগ্নে তুহিন আহমেদের নেতৃত্বে ৮-১০ জন ভাঙচুর করে সরঞ্জাম তাদের বাড়িতে নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে রাহিম চৌধুরীসহ স্থানীয় পঞ্চায়েতের লোকজন ঘটনাস্থলে গেলে জাকির হোসেনের পক্ষের সঙ্গে গেদা মিয়া চৌধুরীর পক্ষের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন।
এরা হচ্ছেন, দিলাওর হোসেন (৪৩), শামীম আহমদ (৩২), আকিনুর রহমদ (৩০), দিদার আহমদ (২৬), রহিমা খাতুন (৪০), সাজু আহমদ (২৮), আব্দুল হাদী (৫৫), মাহের আহমদ (২৭), রাহিম চৌধুরী (২৮), শাহানুর মিয়া (৩০), ইমরান আহমদ (২৫), সোহেল আহমেদ (২৭) সেকুল মিয়া (২৯), তুহিন আহমেদ (২৪), হান্নান মিয়া (২৬), শরীফ আহমদ (২৫), সাইফুল মিয়া (৩১), গেদা মিয়া (৪০), আকবর আলী (৪৫) এবং রুহুউল্লাহ (৪৭)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ জানান, খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
ডেসিস/জেকে/ ৬ জুন ২০২৩ইং

IT Factory Bangladesh