রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-২১ ০৭:২৩:৩৫


বিশ্বনাথে ইটভাটা বন্ধের দাবি কাউন্সিলর ও পরিবেশকর্মীদের : স্মারকলিপি

ছবি, কালিগঞ্জের আলফালাহ ইটভাটা

সিলেটের বিশ্বনাথের অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়ে বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি দিয়েছেন চার কাউন্সিলরসহ এক পরিবেশ কর্মী। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, মুহিবুর রহমান বাচ্ছু ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মো. ফজল খান ওই স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবি, কৃষি জমি খনন করে মাটি উত্তোলন করে কৃষি জমির মারাত্মক ক্ষতিসাধন করা হচ্ছে। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে আল ফালাহ ও আল আমিন নামের ইটভাটা দু’টির অবস্থান।

একটি বন্ধ হলেও অন্যটি বন্ধ করা হচ্ছেনা। পাশেই রয়েছে কালিগঞ্জ বাজার, একটি উচ্চ বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ৬টি গ্রাম।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, বিশ্বনাথ পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিগঞ্জ বাজারের পাশে ‘আল ফালাহ ব্রিক ফিল্ড’ ও ‘আল আমিন ব্রিক ফিল্ড’ নামে দু’টি অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করছে। দীর্ঘদিনের দাবি ও অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে আল আমিন নামের প্রতিষ্ঠানের মালিক ইটভাটা বন্ধ করে দিয়েছেন।

কিন্তু ‘আল ফালাহ ব্রিক ফিল্ড’ চলমান থাকায় বিশ্বনাথ পৌরসভা পক্ষ থেকে আইনশৃঙ্খলা সভায়ও ইটভাটা অপসারণের দাবি উত্তাপন করা হয়। এছাড়া বিশ্বনাথ পৌরসভা ২০২৩-২৪ সনের ট্রেড লাইসেন্স না দিয়ে আইনগত ভাবে ইটভাটা অপসারণের জন্য পর পর ৩টি নোটিশও দেওয়া হয়েছে।

কিন্তু ভাটার মালিক বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা না করেই বেআইনীভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। ওই ইটভাটাটি বন্ধের জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিও জানান তারা।


ডেসিস/জেকে/ ২১ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code